প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
44
সোমবার ২৬, অক্টোবর ২০২৬ -- : -- --
সিলেটে এক দিনের সফরে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।
মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।
পরে তিনি সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে মাজার জিয়ারত শেষে যোহরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।
এক দিনের সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।