প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম
60
সোমবার ২৬, অক্টোবর ২০২৬ -- : -- --
সিলেটের ওসমানীনগরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী ও তাদের চার বছরের কন্যাশিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তাঁর স্ত্রী অজুফা বেগম (২৫), তাঁদের চার বছর বয়সী মেয়ে আয়েশা এবং একই উপজেলার অটোরিকশাচালক লালন আহমদ।
নিহত নিয়ামত আলীর ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুরের শিরামসি গ্রামে ফিরছিলেন তাঁর ভাই। পথে দুর্ঘটনায় নিয়ামত আলী, তাঁর স্ত্রী অজুফা বেগম ও মেয়ে আয়েশা নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকাগামী পদ্মা তেল কোম্পানির একটি ট্যাংক লরি ভুল পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ট্যাংক লরিটি ভুল পাশে গিয়ে অটোরিকশাটিকে চাপা দিয়েছে। দুর্ঘটনার পর লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
এদিকে, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছিলেন।