মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ -- : -- --

নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

34

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মশহুদ আহাম্মদ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মশহুদ আহাম্মদ পিকআপ ভ্যানযোগে দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। বড়চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশহুদ আহাম্মদ পিকআপ ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকও গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
 
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোল এলাকায় আটক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
 
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Link copied!