প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম
48
সোমবার ২৬, অক্টোবর ২০২৬ -- : -- --
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জিয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার স্বামী ও সতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের চার দিন পর হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত জিয়াসমিন আক্তার জৈন্তাপুর থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকার মো. রফিক আহমদ ওরফে রশিদ আহমদের স্ত্রী।
গ্রেপ্তার দুজন হলেন—নয়াগাতী এলাকার বশির আহমদের ছেলে মো. রফিক আহমদ ওরফে রশিদ আহমদ (৫২) এবং তার অপর স্ত্রী মোছা. রোশনা বেগম (৩৬)। নিহত জিয়াসমিন আক্তার রোশনা বেগমের সতিন।
পুলিশ জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে নয়াগাতী এলাকায় রফিক আহমদের বাড়িতে পারিবারিক কলহের জেরে জিয়াসমিন আক্তারকে তার স্বামী রফিক আহমদ ও বড় সতিন রোশনা বেগম শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।
এরপর মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে জিয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তার বাবা বশির আহমদ তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।