প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
46
সোমবার ২৬, অক্টোবর ২০২৬ -- : -- --
হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. আব্দুল কাদির মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির মিয়া চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ মার্চ দুপুরে বিদেশ থেকে টাকা পাঠানোকে কেন্দ্র করে স্ত্রী বীনা সরকারের সঙ্গে আব্দুল কাদির মিয়ার বিরোধ হয়। এর জেরে চুনারুঘাট থানার দুধপাতিল গ্রামে শ্বশুরবাড়ির রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে আব্দুল কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ৮ মে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আফজাল হোসেন তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের হত্যা মামলা কার্যকরভাবে পরিচালনায় রাষ্ট্রপক্ষ সক্রিয় ভূমিকা রাখবে।